নিজস্ব প্রতিবেদকটাঙ্গাইলে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে টাঙ্গাইল সার্কিট হাউজের কনফারেন্স রুমে জেলার সাংবাদিকদের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে বিভাজন নয়, ঐক্যবদ্ধতা জরুরি। বিভাজিত জাতি কখনোই সামনে এগিয়ে যেতে পারে না। দেশের স্বার্থে ঐক্যের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। নির্দিষ্ট কোনো গণমাধ্যমের সঙ্গে যুক্ত না থেকেও ফ্রিল্যান্সার হিসেবে দায়িত্বশীল সাংবাদিকতা করা সম্ভব এবং এর মাধ্যমে দেশের কল্যাণে কাজ করা যায়।
এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকালীন বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। স্বাগত বক্তব্য দেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত।
প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর।
কর্মশালায় ‘আসন্ন জাতীয় নির্বাচনকালীন বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব’ এবং ‘আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪-এর প্রয়োগ’ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া সাংবাদিকদের জন্য অনুসরণীয় আচরণবিধি ১৯৯৩ (২০০২ সালে সংশোধিত), তথ্য অধিকার আইন ২০০৯, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন ২০১৪ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
কর্মশালায় টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন ও প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।