হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগরে সেফটিক ট্যাংকের ময়লা ফেলা নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাফিজ উল্লাহ বাড়িতে এ ঘটনা ঘটে।
এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আফিয়া খাতুন নামে এক নারীর মাথায় গুরুতর আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের স্বজনদের অভিযোগ, সেফটিক ট্যাংকের ময়লা পুকুর, টিউবওয়েল ও রান্নাঘরের পাশ দিয়ে প্রবাহিত করার চেষ্টা করা হলে তারা প্রতিবাদ করেন। একপর্যায়ে ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে মাইন উদ্দিন সুমনের ওপর হামলা করা হয় বলে অভিযোগ।
তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার মা আফিয়া খাতুনকেও লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে স্বজনদের দাবি।
এ ঘটনায় আলী হায়দার ওসমানী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
কমলনগর থানার ওসি মো. ফরিদুল আলম জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।