মোহন চন্দ্র, জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটে চরম আর্থিক সংকটে থাকা একটি অসহায় পরিবারের মেয়ের বিয়ের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ও যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আলী। তাদের এ উদ্যোগকে মানবিক ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।
জানা গেছে, জয়পুরহাটের নুনুজ বাজার শানপুকুর এলাকার বাসিন্দা খলিল রহমান পেশায় একজন অটোচালক। বাড়ির দেড় শতক জায়গা ছাড়া পরিবারের তেমন কোনো সম্পদ নেই। তার সংসারে রয়েছে দুই কন্যাসন্তান। দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে আসছে পরিবারটি।
খলিল রহমানের স্ত্রী মেরিনা বেগম মানুষের বাড়িতে গৃহস্থালির কাজ করে কোনোভাবে সংসারের ব্যয় নির্বাহ করেন। এমন পরিস্থিতিতে মেয়ের বিয়ের খরচ বহন করা পরিবারটির জন্য কঠিন হয়ে পড়ে।
পরিবারটির আর্থিক অসচ্ছলতার বিষয়টি জানতে পেরে জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তিনি পরিবারের মেয়ে পূর্ণিমার বিয়ের যাবতীয় খরচ ও সার্বিক দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে রংপুরের বাসিন্দা মিলন আকন্দের সঙ্গে পূর্ণিমার বিয়ে সম্পন্ন হয়।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের কয়েকজন জানান, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের পাশে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হয়। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে।