লক্ষ্মীপুর প্রতিনিধি:সোমবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাঈম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফারুক হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি নাদিম হাসান ও সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলামের নির্দেশে তাঁকে সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে সোমবার দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ছড়িয়ে পড়ে। সেখানে ফারুক হোসেনের কণ্ঠস্বর বলে দাবি করা ব্যক্তিকে বিদেশ যেতে ইচ্ছুক এক ব্যক্তির কাছে পাসপোর্ট, ভিসা, পুলিশ ক্লিয়ারেন্স ও বিএমইটি কার্ডের কাজের জন্য টাকা দাবি করতে শোনা যায়। দলীয় একটি সূত্রের দাবি, সেখানে পাঁচ লাখ টাকা চাওয়া হয়েছিল।
এ ঘটনায় গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর তাঁর ফেসবুক পোস্টে বলেন, তাঁর নাম ব্যবহার করে ‘ধান্দাবাজি’ করার সুযোগ নেই। অভিযুক্ত ব্যক্তিকে সংগঠন থেকে বহিষ্কারের পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে লক্ষ্মীপুরের পুলিশ সুপারকে বলা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ফারুক হোসেন। তাঁর দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তাঁর কণ্ঠ সম্পাদনা করে ওই অডিও তৈরি করা হয়েছে।
ফারুক হোসেন বলেন, স্থানীয় সাকিব নামে এক ব্যক্তির পাসপোর্ট করে দেওয়ার বিষয়ে তিনি পাঁচ হাজার টাকা চেয়েছিলেন। তাঁর দাবি, সেই ‘পাঁচ হাজার’ টাকার কথাকে এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে ‘পাঁচ লাখ টাকা’ হিসেবে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম বলেন, তাঁরা অডিওটি শুনেছেন এবং বিষয়টি যাচাই করে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ার পর সংগঠনের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে ফারুক হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অডিওটি সত্যিই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি বা সম্পাদিত কি না, তা স্বাধীনভাবে যাচাই করা হয়েছে কি না—এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।