শাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ঘোড়াঘাটে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় রঙের শেষ আঁচড় দেওয়া থেকে শুরু করে মণ্ডপের সাজসজ্জা ও আলোকসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও প্রতিমাশিল্পীরা। শুভ আগমনী বার্তায় দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
আর কয়েক দিন পরেই শুরু হতে যাওয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে স্থানীয় বাজারগুলোতেও জমে উঠেছে কেনাকাটা। নতুন পোশাক, স্বর্ণালংকার ও পূজার বিভিন্ন সামগ্রী কিনতে বিপণিবিতানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। এতে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে ফিরে এসেছে বাড়তি প্রাণচাঞ্চল্য।
ঘোড়াঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় সার্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে মোট ৩৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ঘোড়াঘাট পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নের মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। কোথাও তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন তোরণ ও প্যান্ডেল, আবার কোথাও চলছে বর্ণিল আলোকসজ্জার শেষ মুহূর্তের কাজ।
দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, “দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকবে।”
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণপদ সরকার বলেন, “প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিক সহযোগিতায় প্রতিবারের মতো এবারও উপজেলার সব মণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে বলে আমরা আশাবাদী।”
সব মিলিয়ে, প্রতিমার শেষ মুহূর্তের সাজসজ্জা, মণ্ডপের বর্ণিল আয়োজন ও বাজারের উৎসবমুখর পরিবেশে ঘোড়াঘাটে এখন বিরাজ করছে শারদীয় দুর্গোৎসবের আমেজ।