ডিজিটাল ডেস্করাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে টানা পাঁচ দিন ধরে দূরপাল্লার বাস চলছে না। আজ মঙ্গলবার পঞ্চম দিনের মতো এই ধর্মঘট চলছে, এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। গতকাল সোমবার দুপুরে মালিকপক্ষের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিলেও কাজে ফেরেননি পরিবহনশ্রমিকেরা। ফলে দূরপাল্লার বাস চলাচল বন্ধই আছে।
কাজে না ফিরে গতকাল রাত সাড়ে ১০টার দিকে নগরের শিরোইল এলাকায় ঢাকা বাসস্ট্যান্ডের সামনের রাস্তা অবরোধ করেন শ্রমিকেরা। তাঁদের মাথায় ছিল কাফনের কাপড় বাঁধা। আজ বেলা পৌনে ১১টার দিকেও মাথায় কাফনের কাপড় পরে একই স্থানে বিক্ষোভ করছিলেন তাঁরা। বেতন বৃদ্ধির দাবিতে তাঁরা নানা স্লোগান দিচ্ছিলেন।
দেশ ট্রাভেলসের বাসচালক জিয়াউর রহমান বলেন, আজ দুপুরে নওদাপাড়া বাস টার্মিনালে সব শ্রমিকদের সঙ্গে সভা আছে। তাঁদের এখন সাত দফা দাবি। হয় একতা পরিবহনের মতো সুযোগ-সুবিধা দিতে হবে অথবা সাত দফা দাবি মানতে হবে।