আল আমিন-স্টাফ রিপোর্টারনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দড়িকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পবিত্রতা রক্ষায় স্থানীয় মুসল্লি ও বিশিষ্টজনদের উদ্যোগে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই ঈদগাহ মাঠটি এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এক পবিত্র ও ঐতিহাসিক স্থান, যা দীর্ঘদিন ধরে ইসলামী ঐতিহ্য ও ধর্মীয় ভাবগম্ভীর্য বহন করে আসছে।
সম্প্রতি ঈদগাহ মাঠটিতে মেলা ও অবৈধ কর্মকাণ্ডের আয়োজনের অভিযোগ উঠে আসায় স্থানীয় মুসল্লিদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়। এই অপব্যবহারের প্রতিবাদে এবং ঈদগাহ মাঠের ধর্মীয় মর্যাদা রক্ষায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনের পূর্বে এক স্থানীয় মুসল্লির জানাজা মাদ্রাসার মাঠে আয়োজন করতে বাধ্য হওয়ায় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও কষ্ট তৈরি হয়। কারণ, ঈদগাহ মাঠে তখন অনুষ্ঠান আয়োজন চলছিল। জানাজার পরপরই শতাধিক মুসল্লি ও সচেতন নাগরিক স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, পাঁচটি সমাজের মুরুব্বী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা একত্রিতভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,
“এই মাঠ শুধু একটি খালি জায়গা নয়—এটি আমাদের ইমান ও ঐতিহ্যের অংশ। এখানে যেন কোনো অসাংবাদিক, অবৈধ বা বাণিজ্যিক কর্মকাণ্ড না হয়, তা নিশ্চিত করতে হবে।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের প্রতি অনুরোধ জানান, দড়িকান্দি ঈদগাহ মাঠকে মেলা, বাণিজ্যিক অনুষ্ঠান বা রাজনৈতিক জমায়েতের স্থান হিসেবে ব্যবহার না করে শুধুমাত্র ধর্মীয় কার্যক্রমের জন্য সংরক্ষণ করা হোক।
এই মানববন্ধনকে স্থানীয়ভাবে একটি সচেতনতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। মুসল্লিরা আশা প্রকাশ করেছেন, প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং ঈদগাহ মাঠের ধর্মীয় মর্যাদা ও পবিত্রতা অক্ষুণ্ণ রাখবে।