![]()
অনলাইন ডেস্ক
বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান ও শেখ হাসিনার সরকারের শেষ কয়েক সপ্তাহের ঘটনা নিয়ে নির্মিত আল-জাজিরা ইংলিশের অনুসন্ধানী প্রামাণ্যচিত্র 'হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই'। প্রামাণ্যচিত্রটি ২০২৬ সালের মর্যাদাপূর্ণ 'ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস'-এ মনোনয়ন পেয়েছে।
আন্তর্জাতিক দূরদর্শন অঙ্গনের অন্যতম শীর্ষ এই পুরস্কারের 'কারেন্ট অ্যাফেয়ার্স' বিভাগে প্রামাণ্যচিত্রটি চূড়ান্ত তালিকায় স্থান করে নিয়েছে। আগামী ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিজয়ী কাজের নাম ঘোষণা করবে 'ইন্টারন্যাশনাল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস'। এ বছর ১৬টি বিভাগে ২২টি দেশের মোট ৬৪টি কাজ এই প্রতিযোগিতায় লড়ছে।
'কারেন্ট অ্যাফেয়ার্স' বিভাগে আল-জাজিরার এই অনুসন্ধানী কাজটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে ফ্রান্সের 'আর্টে রিপোর্টাজ: মাই ফাদার্স হেয়ার', যুক্তরাজ্যের 'এক্সপোজার: ব্রেকিং র্যাঙ্কস: ইনসাইড ইসরায়েলস ওয়ার' এবং ব্রাজিলের 'প্রফিসাও রিপোর্টার: ফেমিনিসে'।
বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হলেও আল-জাজিরা ইংলিশ প্রযোজনা করার কারণে আন্তর্জাতিক এমির তালিকায় প্রামাণ্যচিত্রটি কাতারের প্রতিনিধিত্ব হিসেবে স্থান পেয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে প্রামাণ্যচিত্রটি আন্তর্জাতিক সাংবাদিকতার অন্যতম মর্যাদাপূর্ণ 'ওভারসিজ প্রেস ক্লাব অ্যাওয়ার্ড' অর্জন করেছিল।
২০২৫ সালের জুলাই মাসে আল-জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট (আই-ইউনিট) এই প্রামাণ্যচিত্রটি প্রকাশ করে। এতে গোপন ফোন কল রেকর্ড, ফাঁস হওয়া নথিপত্র এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অন্তিম দিনগুলো পুনর্নির্মাণ করা হয়েছে।