![]()
অনলাইন ডেস্ক
রান্নাবিষয়ক সুপরিচিত রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র নবম সিজনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সুপরিচিত ব্র্যান্ড ‘রাঁধুনী’র এই রিয়েলিটি শোর এবারের প্রতিপাদ্য ‘জীবনবদলের রেসিপি’। ‘সেরা রাঁধুনী সিজন ৯’–এ নিবন্ধনের (রেজিস্ট্রেশন) শেষ সময় ১৫ নভেম্বর। ১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশি নাগরিক এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এবারের ‘সেরা রাঁধুনী সিজন ৯’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ সাইফুল ইসলাম। প্রতিষ্ঠানের বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ এবং মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক ও মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু এ সময় উপস্থিত ছিলেন।
‘সেরা রাঁধুনী সিজন ৯’–এ বিচারক হিসেবে থাকছেন ইন্ডালজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা ও এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র, লো মেরিডিয়েন ঢাকার এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ শাহিদ শাহিন এবং অভিনয়শিল্পী জয়া আহসান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রন্ধনশিল্পীদের খুঁজে বের করার এ প্রতিযোগিতা বরাবরের মতোই মাছরাঙা টেলিভিশনে সম্প্রচার করা হবে। সংবাদ সম্মেলনের শুরুতে ‘সেরা রাঁধুনী’র দুই দশকের পথচলা, অর্জন ও ভবিষ্যৎ প্রত্যাশা বিষয়ে স্বাগত বক্তব্য দেন পারভেজ সাইফুল ইসলাম। উপস্থাপক মৌসুমী মৌ সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন।